ফোনালাপ হল ট্রাম্প এবং মোদীর মধ্যে, ফোন করেন ট্রাম্প
- The Conveyor
- 13 hours ago
- 2 min read

২৪ মার্চ, ২০২৬: ইরান যুদ্ধ শুরুর পর প্রথম বার, ফোনালাপ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এর। ফোন করেছিলেন খোদ ট্রাম্প। আলোচনায় হরমুজ প্রণালী খোলা রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় (ভারতীয় সময়) প্রথমে সমাজমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। পরে মোদীও এই বিষয়টি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
বর্তমানে স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। তেলের দাম আকাশছোঁয়া হওয়ার উপক্রম। সোমবার ট্রাম্প ৫ দিনের জন্য আমেরিকান হামলা বন্ধ রাখার ঘোষণা করেছেন। ইরানের সঙ্গে আলোচনা চাইছেন তিনি। যদিও ইরান বুঝিয়ে দিয়েছে আপাতত আলোচনায় আগ্রহী নয় তারা। এ বার পশ্চিম এশিয়ার সঙ্কট মেটাতে বড় ভূমিকা নিতে চলেছে ভারত? জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ভারতকে কি মধ্যস্থতাকারীর ভূমিকায় চাইছেন ট্রাম্প? ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ফোনালাপ তারই ইঙ্গিত।
যুদ্ধ পরিস্থিতিতে গত কয়েক দিনে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। কী ভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গেও একই বিষয়ে আলোচনা করেছেন মোদী। সোম এবং মঙ্গলবার এ নিয়ে যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভাতেও বক্তৃতা করেন তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল নির্ধারণ করতে সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছেন তিনি।
তবে ভারতবাসী তাকিয়ে আছে এই যুদ্ধ কবে বন্ধ হবে সেই দিকে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আপামর ভারতবাসীর পকেটে। তেলের দাম, গ্যাসের দাম এবং পরিবহন খরচ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।
মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর এই তথ্য জানিয়ে বলেন, দুই নেতা চলমান সঙ্কট এবং তার বৃহত্তর প্রভাব—বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা—নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী খোলা রাখার গুরুত্বের বিষয়টি উঠে এসেছে।” দুই দেশই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফোনালাপ নিয়ে মোদী এক্স পোস্টে জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি লেখেন, ‘যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি স্থাপনের পক্ষে ভারত। হরমুজ প্রণালী নিরাপদ এবং উন্মুক্ত রাখা বিশ্বের সকলের জন্য অপরিহার্য। ওই অঞ্চলে শান্তি ফেরাতে ভবিষ্যতে দু’জনের মধ্যে যোগাযোগ থাকবে’।









Comments