তারাপীঠে কৌশিকী অমাবস্যার জন্য ৫ কোটি বরাদ্দ, হবে অল্প খরচে থাকার মত ট্যুরিস্ট লজ
- The Conveyor
- 4 hours ago
- 1 min read

কলকাতা, ২৯ অগাস্ট, ২০২৬: আগামী ১০ সেপ্টেম্বর, অর্থাৎ ২৩ ভাদ্র কৌশিকী অমাবস্যা। সেই কৌশিকী অমাবস্যাকে ঘিরেই এবার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে এসে তারাপীঠে পুজো দেওয়ার পর রামপুরহাটে প্রশাসনিক সভা করেন তিনি। বৈঠকে তারাপীঠের পুজোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রশাসনিক পরিকাঠামো, রাজস্ব, আইনশৃঙ্খলা ও তারাপীঠের উন্নয়ন নিয়ে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটে প্রশাসনিক সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে তারাপীঠের নিরাপত্তা ও পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য প্রতি পাঁচ কিলোমিটার অন্তর অ্যাসিস্ট্যান্স ক্যাম্প তৈরি করা হবে। সেখানে পুলিশ বুথ, স্বাস্থ্য পরিষেবা, ওআরএস ও পানীয় জলের ব্যবস্থা থাকবে। ওই ক্যাম্পে বাউল গানও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বহু ভক্ত ভিড় করেন কৌশিকী অমাবস্যার সময়ে পুজো দিতে। ওই সময়ে সব কিছু ঠিকমতো আয়োজন করার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে"। আগামী ১০ অক্টোবরের মধ্যে পঞ্চায়েত, পুরসভা ও পিডব্লিউডি-র অধীনে থাকা রাস্তাগুলি মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ছিল, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য সরকারি ট্যুরিস্ট লজ তৈরির পরিকল্পনা। তিনি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানান, জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বড় মাপের জায়গা দেখে যেন এই লজ তৈরি করা হয়। তারাপীঠে এসে সাধারণ মানুষকে যাতে থাকার জন্য সমস্যায় না পড়তে হয় বা বেশি টাকা খরচ করতে না হয়, তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন পর্যটকের মৃত্যু ঘটেছে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর মত, তারাপীঠকে জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।









Comments