top of page

চোপড়া, কিশানগঞ্জ এবং ধুপগুড়ি নিয়ে সীমান্ত সুরক্ষায় তৈরী হয়েছে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’


কলকাতা, ২১ অগস্ট, ২০২৬: শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৮৯ কোটি টাকার নতুন প্রশাসনিক, আবাসিক প্রকল্পের শিলান্যাস এবং আরও কিছু প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর মণিপুর, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এসএসবি জওয়ানেরা অসামান্য সেবা দিয়েছেন। কারগিল যুদ্ধের পর ‘ওয়ান বর্ডার, ওয়ান ফোর্স’ নীতি অনুযায়ী ২০০১ সাল থেকে ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ ভারত-নেপাল সীমান্ত এবং ২০০৪ সাল থেকে ৭০০ কিলোমিটার (প্রকৃতপক্ষে ৬৯৯ কিমি) দীর্ঘ ভারত-ভুটান সীমান্ত পাহারা দিচ্ছে এসএসবি।

শাহ ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অমিত শাহ সোজাসুজি বলে দিলেন, ‘এখন ফোন করলেই কাজ হয়ে যায়, চিঠি পরে পাঠানো হয়।’ সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়া নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের টানাপড়েন অজানা নয়। শুক্রবার শিলিগুড়িতে SSB-র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, ‘২০১৪ থেকে ১১২৯ একর জমি চাইছি। তাঁর হাতে-পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু জমি দেননি।’ গত ১৫ বছর 'সীমা সুরক্ষা বল' (এসএসবি)-এর কোনও অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হতেন না বলে অভিযোগ। অমিত শাহ বলেন, ‘শুভেন্দুজি বলছিলেন, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এসএসবির অনুষ্ঠানে এলেন। কিন্তু আগেও আমন্ত্রণ জানানো হতো। তিনি আসতেন না।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করেছে। চোপড়া, কিশানগঞ্জ এবং ধুপগুড়ি— এই তিন ঘাঁটি থেকে সমগ্র করিডরে নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বাড়ানো হয়েছে। নিয়মিত ‘তিস্তা প্রহার’-এর মতো সামরিক অনুশীলনের মাধ্যমে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা হচ্ছে। ‘ওয়ান বর্ডার, ওয়ান ফোর্স’ নীতি অনুযায়ী, ভারতের প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার জন্য সুনির্দিষ্ট ভাবে একটিমাত্র আধা-সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। এই ব্যবস্থার ফলে সীমান্তে কমান্ডের বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি নজরদারি আরও জোরালো হয় বলে দাবি কেন্দ্রীয় সরকারের। অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন। রাজ্য সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ ও এসএসবির জমিজট কাটিয়ে ১,১২৯ একর জমি হস্তান্তর করেছেন। এমনকি, প্রাতরাশের আলোচনার সময় বাকি থাকা ২৯ একর জমির অনুমোদনও তৎক্ষণাৎ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।’’

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি যাতায়াত, পর্যটন ও অর্থনৈতিক বিকাশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬,৮৩৯ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এবং ভুটান সীমান্ত গ্রামগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তর করা হচ্ছে। রানিডাঙায় এসএসবির ৮০ একর জমিতে নবনির্মিত প্রশাসনিক ভবন, ১৯তম ব্যাটালিয়ন (ঠাকুরগঞ্জ), ১২তম ব্যাটালিয়ন (কিশানগঞ্জ) এবং নিউ জলপাইগুড়ির ট্রানজিট ক্যাম্প চালুর মাধ্যমে উত্তরবঙ্গের নিরাপত্তা ও সার্বিক পরিকাঠামোয় দিগন্ত উন্মোচিত হবে সীমান্ত সুরক্ষা ক্ষেত্রে। সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে জাতীয় গান ‘বন্দে মাতরমের’ প্রসঙ্গও তোলেন তিনি। নতুন নিয়মে জাতীয় গানকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে।’ এই পদক্ষেপকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উত্তরবঙ্গের নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এসএসবি-র অনুষ্ঠানে অমিত শাহের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা, অন্যদিকে জাতীয়তাবাদ ও ‘বন্দেমাতরম’কে কেন্দ্র করে তাঁর বক্তব্য—সব মিলিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই এই সফর উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্য মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page