আগামীকাল দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ছে, বন্ধ যানবাহন, ইন্টারনেট

দিল্লি, ৯ অক্টোবর ২০২৬: ১০ অক্টোবর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা বিপুল জমায়েতের কথা মাথায় রেখে দিল্লিতে বহু পথঘাট, মেট্রো, ট্রেন বন্ধ করা হয়েছিল আগে। তা সচল করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরে আন্দোলনস্থল যন্তর মন্তরের চার পাশে চার কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল দিল্লি পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সেই পরিষেবা। তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও SIR বিরোধিতায় শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে মেগা সমাবেশ-এর ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি-সহ একাধিক সংগঠন। তার আগে শুক্রবার রাত ৯টা থেকে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরনোর গেট বন্ধ রাখার জন্য DMRC-কে অনুরোধ করেছে পুলিশ। দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মেট্রো রেলের স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে, ১০ অক্টোবর দিল্লি মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা যাবে না। সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘‘মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না!’’ সুপ্রিম কোর্ট জানিয়েছে, মেট্রো পরিষেবা চলাচলের উপরে কোনও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা থাকবে না। আদালতের নির্দেশ দিচ্ছে, উপযুক্ত নিয়ন্ত্রিত ব্যবস্থায় মেট্রো ও অন্যান্য রেল পরিষেবা পরিচালনার বিষয়ে কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত যেন ব্যাপক ভাবে প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবনাচিন্তা করতে বলেছে তারা।
তার পরই শুক্রবার দিল্লি পুলিশের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, যন্তর মন্তরের চার পাশে ৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। সেই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে এয়ারটেল, ভোডাফোন, জিও, এমটিএনএলের মতো টেলিকম সংস্থাগুলিকে। ২০২৩ সালের টেলিকমিউনিকেশন আইন অনুসারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে শনিবার দিল্লি জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। সূত্রের খবর, তার রূপরেখা তৈরি করছে শুক্রবার বিকেলে বৈঠকে বসেছে পুলিশ। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা নিয়েও কথাবার্তা হয়েছে।
এদিকে বেশ কিছু ট্রেনও বাতিল হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার হাওড়া ও শিয়ালদহ থেকে দু’টি রাজধানী এক্সপ্রেস বাতিল হয়েছে। ফলে শুক্রবার এই দুই ট্রেনে দিল্লি যাওয়ার পরিকল্পনা থাকলে যাত্রীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে। জানা গিয়েছে, শুধু রাজধানী নয়, ৯ ও ১০ অক্টোবর দিল্লিগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করেছে ভারতীয় রেল। এই পরিবর্তনের জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা। ভারতীয় রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত ওই দুই স্টেশনে যে সব মেল ও এক্সপ্রেস ট্রেন পৌঁছবে, সেগুলি বাতিল করা হয়েছে।









Comments