সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কায় মামলা দায়ের

কলকাতা, ২০ এপ্রিল, ২০২৬: বিধানসভা ভোটের আগে সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে। সোমবার সকালেই এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কাদের কাদের গ্রেফতার করা হতে পারে, এ বার জেলা ধরে ধরে নাম উল্লেখ করে আদালতের কাছে তালিকা জমা দিল তৃণমূল। তাদের আশঙ্কা এই সব দলীয় নেতা এবং কর্মীদের গ্রেফতার করতে পারে কমিশন। দানিশ ফারুকি নামে একজন আইনজীবীর মাধ্যমে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও দিয়েছে হাইকোর্ট।
এই তালিকায় যেমন দলীয় সদস্য রয়েছে, তেমন নেতা থেকে সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যেরাও রয়েছেন। এমনই দাবি করছে তৃণমূল। মামলাকারীর আশঙ্কা, এই অছিলায় তৃণমূলের সংগঠনকে দুর্বল করতে শাসক দলের প্রার্থী এবং সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার একটি রিপোর্ট বানিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তাতে অনেককেই অভিযুক্ত করেছিল তারা। সেই অভিযুক্তের তালিকায় ছিলেন এ বারের নির্বাচনে দিনহাটার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক উদয়ন গুহ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিধানসভা নির্বাচনের মুখে তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, বিভিন্ন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশঙ্কা প্রকাশ করছেন নেতা-কর্মীদের গ্রেফতারি নিয়ে। এ বার সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আদালতের দ্বারস্থ হল তৃণমূল।
তালিকায় উল্লেখযোগ্য যে নামগুলি রয়েছে তাঁদের মধ্যে আছেন কোচবিহার জেলার বিধায়ক এবং এবারের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, দিনহাটার বিধায়ক, রাজ্য মন্ত্রিসভার প্রার্থী এবং এবারের প্রার্থী উদয়ন গুহ, কোচবিহার উত্তর কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতীম রায়, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, করণদিঘির বিধায়ক গৌতম পাল, হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, হাঁসনের প্রার্থী এবং বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, বেহালা পূর্বের বিধায়ক এবং এবারের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের নাম। এ ছাড়াও নাম রয়েছে কলকাতা পুরসভার তিন জন কাউন্সিলর বাপি ঘোষ, অমল চক্রবর্তী এবং অনিন্দ্য কিশোর রাউতের। ভবানীপুরেও তৃণমূলের স্থানীয় সংগঠনের একাধিক নেতার গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা বন্দর, রাসবিহারী, বালিগঞ্জ, বেলেঘাটা, জোড়াসাঁকোর মতো কেন্দ্রগুলির তৃণমূল নেতাদের নামও তালিকায় রয়েছে।









Comments