top of page

রাজ্যে মহাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস

কলকাতা, ২০ জুন, ২০২৬: রাজ্যে মহাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। ২০ জুন উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক সরকারি অনুষ্ঠান, স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। পাশাপাশি ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় রাজ্যজুড়ে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশভাগের সময়কার ভূমিকা নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হবে।

পশ্চিমবঙ্গ দিবস পালনের মঞ্চ থেকে ‘ডবল ইঞ্জিন’ উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, পূর্বতন সরকারের জমানায় যে সব ক্ষেত্রে ‘অবহেলা’ হয়েছে, তা পূরণ করার জন্য ‘সুপারফাস্ট’ গতিতে কাজ শুরু করেছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। সভামঞ্চ থেকে বাংলাতেই প্রশ্ন করলেন, “পরিবর্তন ভাল লাগছে তো?” শনিবার হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আরএন রবি। পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপনের মঞ্চ থেকে তা নিয়ে এই দিনটির গুরুত্ব বোঝান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তুলে ধরেন শ্যামাপ্রসাদের ভূমিকাও। দেশের তরুণ প্রজন্মকে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব আরও বেশি করে বোঝানো দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।

শনিবার পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে হাওড়ায় ডিভিশন হাসপাতাল, হাওর-রাধামোহনপুরের মাঝে রেলওভার ব্রিজ, ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা, রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশন, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা-সহ বিভিন্ন প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, “রেল, সড়ক, কৃষি, মৎস্যপালনের সঙ্গে সম্পর্কিত এই প্রকল্পগুলি বাংলার বিকাশকে নতুন গতি দেবে। এই পরিকল্পনাগুলি গ্রামীণ অর্থব্যবস্থাকে মজবুত করবে।”




পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে ড্রোন শো শুরু হয়েছে। গঙ্গাবক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে কার্নিভালের আয়োজন হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অসামান্য আলোকসজ্জায় সেজে উঠেছে হাওড়া ব্রিজও। সন্ধ্যা ৮টা থেকে একটি চোখ ধাঁধানো সাংস্কৃতিক উৎসব, মেগা ড্রোন শোয়ের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রঙের লেজার রশ্মি হুগলি নদীর উপর ছড়িয়ে পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। রাতের অন্ধকার আকাশ লাল, নীল, সবুজের আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠেছে। আলোর প্রদর্শনী উপভোগ করতে প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক এবং আশপাশের এলাকায় ভিড় জমান অসংখ্য মানুষ। আলো, সঙ্গীত এবং প্রযুক্তির মেলবন্ধনে শহরের রাত যেন এক রূপকথা।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page