রাজ্যে গঠিত হলো সপ্তম পে কমিশন, ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
- The Conveyor
- Jul 22
- 1 min read

কলকাতা, ২২ জুলাই, ২০২৬: রাজ্যে গঠিত হলো সপ্তম পে কমিশন। বেতন-ভাতা, ডিএ ও পেনশন খতিয়ে দেখতে এই কমিশন গঠন করা হয়েছে এবং ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে চার সদস্যের কমিশন গঠনের কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল নবান্ন। কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) কলকাতার অর্থনীতিবিদ পার্থপ্রতিম পাল। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইএএস তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ কারাণম।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, সুপারিশ তৈরির সময়ে কমিশন কেন্দ্রীয় সরকার ও অন্য রাজ্যগুলির বেতন কাঠামো, রাজ্যের আর্থিক সামর্থ্য, সরকারি আয়-ব্যয়ের পরিস্থিতি এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশকেও বিবেচনায় রাখতে পারবে। প্রসঙ্গত, সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে এই কমিশন। বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতির নীতি, পেনশন ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। এর পাশাপাশি বর্তমান কর্মীদের নতুন বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি নিয়েও মতামত দেবে।
বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেই ‘টার্মস অব রেফারেন্স’ চূড়ান্ত হলেই দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এর পর কমিশন তার কাজ শুরু করবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে এই বেতন কমিশন গঠন, পুজোর আগে একটি উপহার বয়ে আনল রাজ্য সরকারি কর্মীদের জন্য।









Comments