মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ স্কুল পড়ুয়া সহ ৫। গ্রেফতার গেটম্যান, সাসপেন্ড সুপারভাইজার
- The Conveyor
- Jul 17
- 2 min read

কলকাতা, ১৭ জুলাই, ২০২৬: মুর্শিদাবাদের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হল চার স্কুলপড়ুয়াসহ মোট পাঁচ জনের। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় একটি স্কুলগাড়িকে সজোরে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া ডাউন লোকাল। দুর্ঘটনায় স্কুলগাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দা। পরে আর একজন পড়ুয়ার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার কিছুক্ষণ আগেই আপ লাইন দিয়ে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যায়। কিন্তু সেই ট্রেন চলে যাওয়ার পর গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের গেট আর বন্ধ করা হয়নি। গেট খোলা থাকায় সেটিকে নিরাপদ ভেবে একটি স্কুলগাড়ি কয়েকজন পড়ুয়াকে নিয়ে রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে এসে স্কুলগাড়িটিকে ধাক্কা মারে ডাউন লোকাল ট্রেন। দুর্ঘটনার পর চারদিকে চিৎকার-আর্তনাদে এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে বহরমপুর থানার পুলিশ এবং রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তে সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি মেলেনি। সিগন্যাল মেনেই লাইনে এসেছিল ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি।
রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গিয়েছেন। আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই গেটম্যানকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। তবে সুপারভাইজারের বিরুদ্ধে এখনও পর্যন্ত সাসপেন্ড ছাড়া আর কোনও কড়া পদক্ষেপ করা হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখবেন তাঁরা। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আর গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে পূর্ব রেল। জিরো টলারেন্স নীতি মেনে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের এক উচ্চপদস্থ আধিকারিক। তাঁর কথায়, ‘এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে রেল। গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে।’ একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এটা দুর্ঘটনা নয়, হিউম্যান এরর। শুক্রবার দুপুরে বাঁকুড়ায় একটি কারখানার উদ্বোধনে গিয়ে সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বললেন, ‘গেটম্যান যা করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ।’ রাজ্য সরকার সব রকম ভাবে মৃত ও আহতদের পরিবারের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জানার পরেই গেটম্যানকে গ্রেফতারির নির্দেশ দেন শুভেন্দু। তিনি বলেন, ‘সকাল ৯টা নাগাদ প্রাথমিক তদন্ত রিপোর্ট জানার পরেই মুর্শিদাবাদের এসপি-কে বলি, গেটম্যানকে গ্রেফতার করতে। তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, তাও পরীক্ষা করে দেখা হবে।’









Comments