top of page

বালুরঘাটের বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Sep 2
2 min read


কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৬: দক্ষিণ দিনাজপুর সফরে বালুরঘাটকে তিন ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯ আসনের ছোটো বিমান এখনই চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুজোর পরেই দক্ষিণ দিনাজপুরে এসে বালুরঘাট মেডিক্যাল কলেজের ভূমিপুজো করা হবে। 'পোড়ো বাড়িতে' চলা বিশ্ববিদ্যালয়ে আরও সাতটি বিষয় চালু করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে খুব শীঘ্রই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে যে উড়ান সংস্থাগুলি ১৯ আসনের বিমান চালায়, সেগুলির সঙ্গে বৈঠক করবেন। এই কাজটার জন্য সর্বোচ্চ এক বছর লাগবে। এক বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে। তবে তার আগেই যাতে চালু করা যায়, সেই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট বিমানবন্দর নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন। তিনি জানিয়েছেন, বালুরঘাট বিমানবন্দর থেকে ৭২ আসনের এটিআর বিমান চালানোর জন্য আরও ১৫০ একর জমি লাগবে। সেই বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বালুরঘাটে তিনটি বিষয় নিয়ে একটা 'পোড়ো বাড়িতে' বিশ্ববিদ্যালয় চলছে। সাতটি বিষয়ের জন্য আবেদন করা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের তরফে যাতে সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবারই বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বালুরঘাট মেডিকেল কলেজের জন্য এই অর্থবর্ষে ৩৪৪ কোটি টাকা লাগবে। প্রাথমিকভাবে রাজ্য বাজেট থেকে ১০০ কোটি বরাদ্দ করে দেওয়া হবে। তারপরই তৈরি করে ফেলা হবে ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট)। হাসপাতালে ৯৩১টি বেড আছে। স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, আইসিইউ এবং এইচডিইউ রয়েছে। সেগুলির সংখ্যা আরও বাড়ানো হবে। আর যে নার্সিং স্কুল আছে, সেটাকে নার্সিং কলেজে পরিণত করা হবে। কোজাগরী লক্ষ্মীপুজোর পরে এবং কালীপুজোর আগে তিনি মেডিকেল কলেজের ভূমিপুজোর জন্য আসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী এদিন।

বালুরঘাটে নেশাদ্রব্যের উপর রোড রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনে সাজানো ছিল বাজেয়াপ্ত হওয়া প্রায় দু’লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। সেগুলির উপর দিয়ে রোড রোলার চালান মুখ্যমন্ত্রী। রোলারে তাঁর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। তরুণদের উদ্দেশে নেশামুক্তির ডাক দিলেন শুভেন্দু। নিষিদ্ধ কাশির সিরাপের উপর রোলার চালানোর পরে বললেন, “আমার কর্মসূচির প্রথম বার্তা হল— যুবসমাজকে নেশা থেকে বের করে আনতে হবে।”

বালুরঘাটে বুধবার ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বিকেলে গিয়েছিলেন বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে। সেখানে মহালয়ায় প্রধানমন্ত্রী আসছেন কি না, প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী বলেন, “মহালয়ায় বড় অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত হবেন। কে আসছেন, কবে আসছেন— তাঁদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।” নবান্ন সূত্রে খবর, আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন কলকাতায় আয়োজিত হতে পারে এক বিশেষ অনুষ্ঠানের। মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার প্রথম সারির সদস্যেরা থাকবেন সেখানে। ওই অনুষ্ঠানের জন্যই মোদীকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page