top of page

প্রাণের শহর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

কলকাতা, ৩১ জুলাই, ২০২৬: প্রায় দুই দশক পর আবার কলকাতায় ফিরলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় আসার আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” কলকাতায় নেমে আবেগতাড়িত হয়ে লেখিকা বলেন, ‘খুবই ভালো লাগছে।’ ২০০৭ সালের পর এই প্রথম প্রকাশ্যে কলকাতায় দেখা গেল তাঁকে। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে যেমন সাহিত্য ও সংস্কৃতি মহলে উৎসাহ তৈরি হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক।

শনিবার কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। সেখানে তসলিমাকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠান রয়েছে। আগামী রবিবার বাংলা অকাদেমিতে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা।একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায়। আয়োজকেরা জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দু’টি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। লেখিকার জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য। ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। তসলিমার বিতর্কিত ওই বইটিতে নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’ বহাল ছিল। প্রসঙ্গত, ২০২৫ সালে তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তার প্রেক্ষিতে ভারত সরকার সেই সময়ে জানিয়েছিল, লেখিকায় কলকাতায় ফেরায় কোনও বাধা নেই।

এদিকে তসলিমার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান অভিযোগ করেছেন, তসলিমা নাসরিন বারবার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলেই বর্তমান ‘ডাবল ইঞ্জিন’ সরকার তাঁকে স্বাগত জানাচ্ছে। তাঁর মতে, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অপরদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তসলিমার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আগের সরকারের আমলে লেখিকাকে কখনও কলকাতায় ফেরার সুযোগ দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলত, তারাই তসলিমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। অগ্নিমিত্রা দাবি করেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেয় এবং তসলিমার কলকাতায় ফিরে আসা বাংলার জন্য গর্বের বিষয়।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page