‘পশ্চিমবঙ্গ দিবস' উপলক্ষে আগামীকাল রাজ্যে প্রধানমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে
- The Conveyor
- Jun 19
- 2 min read

কলকাতা, ১৯ জুন, ২০২৬: আগামীকাল ২০ জুন, তারকেশ্বরের মাটিতে উদযাপিত হতে চলেছে রাজ্য সরকারের আয়োজনে প্রথম ‘পশ্চিমবঙ্গ দিবস।’ পশ্চিমবঙ্গ দিবসের থিম রাখা হয়েছে: “পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন।”অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তারকেশ্বর বৈদ্যবাটী ১২ নম্বর রোডের পাশে বালিগড়ি মাঠে। বালিগড়ি মাঠের পাশেই রয়েছে হেলিপ্যাড। শনিবার সেখানে নামবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা থাকবেন। স্থানীয় বিধায়কদেরও দেখা যাবে।
শুক্রবার অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরীমন্ত্রী অজয়কুমার পোদ্দার, বিধায়ক সন্তু পান, দীপাঞ্জন গুহ। উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্তারা। তারকেশ্বর বৈদ্যবাটি ১২ নম্বর রোডের পাশে বালিগড়ি মাঠে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান হবে। তার জন্য পাঁচটি হ্যাঙার টাঙানো হয়েছে। পাশেই হয়েছে হেলি প্যাড। সেখানেই নামবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে চলছে চেকিং। শুক্রবার সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটে। জলমগ্ন হয়ে পড়ে অনুষ্ঠানের মাঠ। দ্রুত জল নামানোর কাজ শুরু হয়। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, দমকল-সহ সব দপ্তরের লোকজন কাজ করছে। জল বের করার জন্য পাম্প বসানো হয়েছে। বালি, স্টোন চিপসের গুঁড়ো ফেলা হচ্ছে। বালির ব্যাগ আনা হচ্ছে। সবাই মিলে দিন রাত কাজ করছে।’
তারকেশ্বর থেকে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন মোদী। প্রধানমন্ত্রী কিসান প্রকল্পের ২৩ তম কিস্তি প্রদান করা হবে ওই অনুষ্ঠান থেকেই। এ ছা়ড়া, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ধনধান্য কৃষি যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসাবে এগ্রি ট্যাক প্রভৃতি কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলিরও সূচনা করা হবে। এছাড়াও সাঁকরাইল- সাঁতরাগাছি রেলওয়ে লিংক লাইন প্রজেক্টের শিলান্যাস করার পাশাপাশি হাওড়ায় ৩০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মানের ডিভিশনাল রেলওয়ে হাসপাতালের শিলান্যাস করবেন। দু’দিন পশ্চিমবঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী। সফরের তাৎপর্য উল্লেখ করে সমাজমাধ্যমে পোস্টও করেছেন তিনি। ২১ তারিখ, রবিবার কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার পর দেশি নকশায় নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়ের উদ্বোধনেও থাকবেন।
অনুষ্ঠানের মূল মঞ্চে রয়েছে গৈরিক ছোঁয়া। কলকাতার পুরোনো দিনের হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, মাটির দ্রব্য তৈরির কারিগর-সহ একাধিক ঐতিহ্যবাহী শিল্পকলা ও বাংলার একাধিক সংস্কৃতির ছবি লাগানো হয়েছে সভাস্থলের চারিদিকে। কলকাতার হলুদ ট্যাক্সি থেকে শুরু করে হাতে টানা রিক্সা, দক্ষিণেশ্বরের মন্দির, বেলুড় মঠের ছবি দিয়ে সাজানো হয়েছে গোটা চত্বর। তমলুক থেকে মোট ২৬ জন কারিগর তারকেশ্বরের মঞ্চ সাজানোর কাজ করছেন। থাইল্যান্ড, উটি-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে হরেক রকমের ফুল।









Comments