জেন জি ঝড়ে কাঠমান্ডুর কুর্সিতে এ বার নবীন প্রজন্মের বলেন্দ্র শাহ
- The Conveyor
- Mar 6
- 2 min read

৬ মার্চ, ২০২৬: বৃহস্পতিবার নেপালে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ভোটদানের হার প্রায় ৬০ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভাণ্ডারী বলেন, 'হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ভোট নির্বিঘ্নেই মিটেছে।' পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ২৭৫ সদস্যের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন ১৬৫ জন। বাকিদের নির্বাচন হবে আনুপাতিক ভোটের হিসেবে। নেপালের ভোটের দিকে তাকিয়ে ভারতও।
নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দিয়েছিল নেপাল। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ (সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে) নির্বাচন হয়েছিল। প্রত্যক্ষ নির্বাচনের গণনার ফল এবং প্রবণতা বলছে ১১২টি আসতে চলেছে আরএসপির ঝুলিতে। নেপালের নির্বাচনী ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড। প্রচণ্ডর দল নেপালি কমিউনিস্ট পার্টি ৬টি আসনে জিততে চলছে। প্রচণ্ড নিজে রুকুম পূর্ব-১ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) ১২, সে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১০।
নেপালের সাধারণ নির্বাচন গণনার পূর্বাভাস বলছে, সে দেশে জেন জি -র বড় অংশই পছন্দ করছেন প্রাক্তন র্যাপার তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ও তাঁর দলকে। নির্বাচনে লড়াইয়ের জন্য একা না হেঁটে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে নাম লেখান বলেন্দ্র। প্রাক-নির্বাচনী পর্বে ৩৫ বছর বয়সি বলেন্দ্র শাহের জনসভায় প্রচুর লোকসমাগম দেখা গিয়েছিল। জেন জি - এর সিংহভাগেরও পছন্দ কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়রকে। ঝাপা কেন্দ্রের আসনে ৭৪ বছর বয়সি কেপি ওলির বিপরীতে দাঁড়িয়েছেন তিনিই। প্রাথমিক গণনার পর দেখা যাচ্ছে, পুরনো কিংবা পরিচিত দলগুলির উপরে নয়, নেপাল আস্থা রাখছে তুলনায় নতুন দল এবং নতুন নেতার উপরেই।
গণনার পূর্বাভাস বলছে, নেপালের জেন জ়ি-র বড় অংশই পছন্দ করছেন প্রাক্তন র্যাপার তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র ও তাঁর দলকে। ৩৫ বছর বয়সি বলেন্দ্র নির্বাচনে তরুণ তুর্কিদের মুখ হয়ে ওঠেন। বলেন্দ্রের প্রাক্-নির্বাচনী সমাবেশে বিপুল জনসমাগম ঘটেছিল, যাঁদের বেশির ভাগই ছিলেন তরুণ ভোটার। ২০১৩ সাল পর্যন্ত নেপালের রাজনীতিতে খুব একটা পরিচিত ও প্রভাবশালী মুখ ছিলেন না বলেন্দ্র। ২০২২ সালে বলেন্দ্র কাঠমান্ডুর মেয়র পদে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সকলকে অবাক করে দিয়েছিলেন। বলেন্দ্র কাঠমান্ডুর ১৫তম মেয়রপদে জয়লাভ করার পর তরুণ প্রজন্মের কাছে আদরণীয় হয়ে ওঠেন। জেন জি বিক্ষোভের সময় তাঁকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে ভাবতে শুরু করে দেন তরুণ প্রজন্মের নেপালিরা। তরুণ রাজনীতিবিদ হিসাবে জনপ্রিয়তা লাভ করলেও আরও একটি পরিচয় আছে তাঁর। খ্যাতনামী র্যাপার হিসাবে নেপালে পরিচিত বলেন্দ্র। বলেন্দ্র প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা সবচেয়ে কমবয়সি রাজনীতিকও বটে। নেপালি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বলেন্দ্রের নাম জায়গা করে নিয়েছিল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে। পৃথিবীর জনপ্রিয়তম ১০০ ব্যক্তিত্বের তালিকায় ঠাঁই পেয়েছিল তাঁর নাম। এমনকি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর মতো বিখ্যাত সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল বলেন্দ্রের নাম।









Comments