কলকাতা পুর এলাকার পেনশনারেরা বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ পেয়ে যাবেন
- The Conveyor
- 5 days ago
- 1 min read

কলকাতা, ৭ জুলাই, ২০২৬: কলকাতা পুরসভা এলাকার রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাঙ্ক থেকে যাঁরা পেনশন পান তাঁরা এবং ফ্যামিলি পেনশনভোগীরা স্বস্তির নিশ্বাস ফেলবেন। বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিআর)-এর এরিয়ার (বকেয়া) দ্রুত মেটাতে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতরের পেনশন শাখা। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে আনুমানিক ডিআর বকেয়ার ৫০ শতাংশ কেএমসি এলাকার সেই সমস্ত পেনশনার বা তাঁদের পরিবারকে দেওয়া হবে।
ব্যাঙ্কের তরফ থেকে সম্পূর্ণ তথ্য যাচাই হয়ে আসার আগেই, আনুমানিক মোট বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ অর্থ এখনই সংশ্লিষ্ট পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ, গতিশীল এবং নির্ভুল করতে রাজ্য সরকার 'ডবলুবিআইএফএমএস-এর অধীনে একটি ডেডিকেটেড ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ চালু করেছে। নির্দিষ্ট ব্যাঙ্কগুলিকে অবিলম্বে এই পোর্টালে গিয়ে তাদের পেনশনারদের তথ্য যাচাই এবং আপডেট করতে বলা হয়েছে, যাতে পোর্টাল থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী বকেয়া টাকা কোনও বিলম্ব ছাড়াই গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অবশিষ্ট ৫০ শতাংশ বা বাকি বকেয়া মহার্ঘ ত্রাণ মেটানোর কাজও দ্রুত শুরু হবে। এর জন্য ব্যাঙ্কগুলিকে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের পেনশনের সমস্ত পুরনো নথিপত্র দ্রুত যাচাই করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে কলকাতার হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাঁদের পরিবার বিশেষ ভাবে উপকৃত হবেন।









Comments