আজ থেকে মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা থেকে রাত ১০.৩০ টা অব্দি, মেট্রোর সংখ্যাও বাড়ছে
- The Conveyor
- Jul 27
- 1 min read

কলকাতা, ২৭ জুলাই, ২০২৬: আজ থেকে মেট্রোর সময়ে বদল। যাত্রীদের কথা মাথায় রেখেই সময় বদলানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো। সোমবার থেকেই বদলে যাচ্ছে সেই সূচি। ব্লু ও গ্রিন দুই লাইনের জন্যই এই ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে ব্লু লাইন এবং গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবাও। অর্থাৎ ট্রেনের সংখ্যাও বাড়ছে।
বর্তমানে ব্লু লাইন এবং গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। সেটা বদলে করা হচ্ছে ৬টা। পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ও দমদমের দিকে প্রথম মেট্রো ভোর ৬টা এবং শেষ মেট্রো যথাক্রমে রাত ১০:১৫ ও ১০:৩০। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর ও দমদমের দিকে প্রথম মেট্রো ভোর ৬:১৫ এবং শেষ মেট্রো যথাক্রমে রাত ১০:২৮ ও ১০:৪৩। ডাউন দিকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের দিকেও একই ধরনের সময়সূচি প্রযোজ্য। রবিবার ব্লু লাইনে প্রথম মেট্রো সকাল ৯টা (দমদম থেকে ছাড়ার ক্ষেত্রে সকাল ৯:০৫) এবং শেষ মেট্রোর সময় সপ্তাহের অন্য দিনগুলির মতোই, রাত ১০:১৫ থেকে ১০:৪৩ পর্যন্ত রুট অনুযায়ী। গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ এবং সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো সকাল ৬টা থেকে এবং শেষ মেট্রো রাত ১০:৩০ মিনিটে। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের দিকে শেষ মেট্রো রাত ১০:৩৬ মিনিটে। রবিবার প্রথম মেট্রো সকাল ৯টা থেকে শুরু হবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ট্রেনের পরিষেবাও যথারীতি বাড়ছে। ব্লু লাইনে সোম থেকে শুক্রবার এখন থেকে ২৭২টি পরিষেবা চলবে, শনিবার ২৫৮টি এবং রবিবার ১৫৮টি পরিষেবা চলবে। গ্রিন লাইনে সোম থেকে শুক্রবার ২৩৬টি পরিষেবা চলবে, শনিবার ২১২টি এবং রবিবার ১১১টি পরিষেবা পাওয়া যাবে।









Comments