আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট
- The Conveyor
- Jan 14
- 2 min read

কলকাতা, ১৪ জানুয়ারি, ২০২৬: আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে হাই কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল। তদন্তে বাধার অভিযোগে মামলা করেছিল ইডি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করে তৃণমূলও।
বুধবার আদালতে ইডি জানিয়েছে, তারা ৮ জানুয়ারি, তল্লাশির দিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি। আদালত সওয়াল-জবাব শেষে এই মামলার নিষ্পত্তি করে দেয়। অন্য দিকে ইডি আইপ্যাক নিয়ে যে মামলা করেছে, আপাতত তার শুনানি মুলতুবি করা হয়েছে। প্রথম দিন মামলাটির শুনানি মুলতুবি হয়ে গিয়েছিল। বুধবার শুনানির পর তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি ঘোষ। ইডির মামলা আপাতত মুলতুবি রাখা হয়েছে।
এ দিন শুনানি পর্বে ইডি আদালতে জানায়, তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, তাই হাইকোর্টে মামলার মুলতুবি চায়। ইডির দাবিতেই মান্যতা দেন বিচারপতি শুভ্রা ঘোষ। যে হেতু সুপ্রিম কোর্টে ইডি মামলা করেছে, তাই সেখানে কী হচ্ছে, তা শোনার পরেই হাইকোর্ট ইডির মামলা শুনবে। ততদিন পর্যন্ত ইডির দায়ের করা মামলার শুনানি মুলতুবি থাকবে। এ দিকে আগামিকাল, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে হবে আইপ্যাক মামলার শুনানি। বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি হবে।
তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ''সুপ্রিম কোর্টে ইডির আবেদনের বিষয়ে আমাদের জানা নেই। আমরা কোনও ক্যাভিয়েট দাখিল করিনি। আমি ভুক্তভোগী। আমার আবেদনের শুনানি হোক।'' তিনি আরও বলেন, ''ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি এটা রেকর্ড করুক আদালত। একজন এসএসজি যেভাবে তিন বারের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছেন, তা আনবিকামিং।'' এএসজি ৮ জানুয়ারি দুই ঘটনাস্থল থেকে আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া যা কিছু ছিল, ইডির কাছ থেকে তা নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক।'' এরপরই বিচারপতি ঘোষ জানান, সুপ্রিম কোর্টের মামলার পরই হাইকোর্টে শুনানি হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষণও করা যাবে।
এ দিন ইডিকে সামগ্রিক ভাবে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় আদালত।













Comments